মাদ্রাসাছাত্রী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, অভিযুক্ত জামায়াত কর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শনিবার রাতে ভুক্তভোগীর নানি বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ তিরনইহাট ইউনিয়নে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গ্রেপ্তার জামাল উদ্দিন তিরনইহাট ইউনিয়নের আলী হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঠুনঠুনিয়া মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন। ঘটনার পর তাকে মসজিদের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী মায়ের মৃত্যুর পর থেকে নানার বাড়িতে থাকেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। গত ১৭ জানুয়ারি সকালে তিনি জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মুরগির মাংস আনতে গেলে জামাল তাকে একা পেয়ে অশালীন প্রস্তাব দেন। অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনাটি নিয়ে সালিশও হয়েছিল।

মামলায় আরও বলা হয়, জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও তার স্ত্রী ও ভাইসহ অন্যদের সহযোগিতায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গত ১৪ জুন সকালে ভুক্তভোগীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে মীমাংসার আশ্বাসে তাকে উদ্ধার করা হলেও বিচার না পাওয়ায় ভুক্তভোগীর নানি মামলা দায়ের করেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মামলায় জামাল উদ্দিন ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।