মানিকগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে দোয়া মাহফিলে পুলিশের বাধা, খিচুড়ির ডেগ জব্দ

মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও কাঙালি ভোজে পুলিশের বাধার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে শহরের নিজ বাসভবনে এই আয়োজন করেন সাবেক এমপি, গণফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার (মুজিব বাহিনী) মফিজুল ইসলাম খান কামাল।

জানা গেছে, সকালে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা, এতিম ও দুস্থদের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়। তবে এ সময় মানিকগঞ্জ সদর থানার পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং রান্না করা খিচুড়িসহ ডেগ জব্দ করে নিয়ে যায়।

অভিযোগ করে মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্মরণে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছিলাম। দুপুরে মুক্তিযোদ্ধা, এতিম ও দুস্থদের জন্য খাবার বিতরণের সময় পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করতে বলে। আমি জানাই, আমি বন্ধ করতে পারব না, তারা চাইলে বন্ধ করতে পারে। এরপর পুলিশ পানি ঢেলে চুলা নিভিয়ে দেয় এবং খিচুড়িসহ ডেগ নিয়ে যায়।’

এ বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মফিজুল ইসলাম খান কামাল লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা…ইতিহাস!!!’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, ‘আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের হেফাজতে আছে।’

এসআর/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।