মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় বাংলাদেশের ত্রাণ ও চিকিৎসক দল পৌঁছেছে

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকার জরুরি ওষুধ, ত্রাণ সামগ্রী ও বিশেষজ্ঞ উদ্ধার ও চিকিৎসক দল পাঠিয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমান দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছায়।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানে করে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও দেড় টন ত্রাণ তাঁবু নিয়ে ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসক দল মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে।

এই বিশেষ মিশনে তিন বাহিনীর বিশেষজ্ঞ উদ্ধারকারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন। দলটিতে মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক এবং ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন। 

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন। তিনি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডর এট লার্জ চ তুনের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এসময় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনও উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর দুটি ফ্লাইটের মাধ্যমে প্রথম দফায় ১৬ দশমিক ৫ টন ত্রাণ পাঠানো হয়েছিল, যার মধ্যে ছিল ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা সামগ্রী।

বাংলাদেশ সরকারের এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।