খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর গ্রামে মোবাইল চুরির সময় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা সজীব (২২) নামে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। আটক সজীব একই উপজেলার সোনাকান্দা গ্রামের খলিলের ছেলে।
স্থানীয় ও স্বজনদের বরাতে জানা গেছে, রাতে চোরের দল ঘরের জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় আসাদের স্ত্রী চিৎকার করেন। এ সময় আসাদ দৌড়ে এসে একজন চোরকে ধরে ফেলেন। তখন চোর দলের সদস্যরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আসাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে চোর দলের এক সদস্য সজীবকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
খবরওয়ালা/শরিফ