যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিদল কাতার থেকে প্রত্যাহার

হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে কাতার থেকে নিজেদের প্রতিনিধিদল ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ জুলাই) যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় ফিলিস্তিনি সংগঠন হামাসের অবস্থান পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় দুই দেশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় হামাস আন্তরিকতা দেখাচ্ছে না। তিনি বলেন, ‘মধ্যস্থতাকারীরা অনেক চেষ্টা করেছে। কিন্তু হামাসকে সমন্বিতভাবে এগোতে বা আন্তরিক আচরণ করতে ইচ্ছুক মনে হচ্ছে না।’

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় উইটকফ বলেন, ‘আমরা এখন জিম্মিদের ফিরিয়ে আনার বিকল্প পথ খুঁজবো এবং গাজার মানুষের জন্য আরও স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবো।’

এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও যুদ্ধবিরতি প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘ইসরায়েল যুদ্ধ থামাতে চুক্তিতে আগ্রহী, তবে হামাস যেন এটিকে আমাদের দুর্বলতা মনে না করে।’

হামাসের পক্ষ থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, পর্যাপ্ত ত্রাণ প্রবেশ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর ইসরায়েলি আলোচনা দলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সীমান্তে আটকে থাকা কয়েক লাখ টন খাদ্য ও ওষুধ দ্রুত প্রবেশ করতে না দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তাঁর প্রশাসন।

গাজা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। তিনি বলেছেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে মানবতা রক্ষা করাও চ্যালেঞ্জ হয়ে উঠেছে।’ তিনি ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পাশাপাশি তিনি গাজায় যুদ্ধ থামানো এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।