রাজনীতি নয়, কেবল অভিনয়—ঘৃণার বাইরে শুভর স্পষ্ট বার্তা

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর চিত্রনায়ক আরিফিন শুভকে ঘিরে রাজনৈতিক আলোচনার ঝড় বয়ে যায়। আওয়ামী সরকারের সময়ে পূর্বাচলে বরাদ্দ পাওয়া ১০ কাঠা জমি বাতিল হওয়ার ঘটনাও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। এরপর থেকেই তিনি বাংলাদেশের চলচ্চিত্রে কার্যত অনুপস্থিত। এমনকি গণমাধ্যমেও দেখা যায়নি তাকে। এরই মধ্যে জানা যায়, শুভ বর্তমানে ভারতে হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করছেন।

অবশেষে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে মুখ খুললেন শুভ। বললেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না।’

কলকাতার এক ক্যাফেতে বসে দেয়া সাক্ষাৎকারে শুভ বলেন, ‘পৃথিবীর যেকোনো অভ্যুত্থান ক্ষয়ক্ষতি ডেকে আনে। আপনি পার্কে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে—এটা কারও নিয়ন্ত্রণে থাকে না। আমারও ছিল না।’

Z রাজনীতি নয়, কেবল অভিনয়—ঘৃণার বাইরে শুভর স্পষ্ট বার্তা
আরিফিন শুভ। ছবি: ফেসবুক থেকে

তিনি যোগ করেন, ‘আমার কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি আমি সত্যিই সমস্যায় পড়তাম, তাহলে এখানে বসে সাক্ষাৎকার দিতে পারতাম না।’

অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘আমার সামনে আসছে ‘নীলচক্র’। এরপর মুক্তি পাবে ‘নূর’, ‘ঠিকানা বাংলাদেশ’ ও ‘লহু’। আমি সবসময় চরিত্র আর দর্শকের প্রতিক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমাকে যদি পৃথিবীর সবচেয়ে নির্বোধ মানুষের চরিত্রও দেওয়া হয়, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবে আমি সেই ব্যক্তি নই।’

সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিবাহবিচ্ছেদ ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গও টানেন শুভ। বলেন, ‘বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙা এই পৃথিবীতে নতুন কিছু নয়। কিন্তু আমরা যেহেতু অভিনয়জগতে আছি, তাই এসব নিয়ে মুখরোচক গল্প হয়।’

Z রাজনীতি নয়, কেবল অভিনয়—ঘৃণার বাইরে শুভর স্পষ্ট বার্তা
আরিফিন শুভ। ছবি: ফেসবুক থেকে

তিনি জানান, ‘আমি ছয় বছর ধরে ফেসবুক থেকে দূরে। আমার একটি অফিসিয়াল পেজ আছে, যেটা আমার টিম পরিচালনা করে। ফেসবুক এখন অনেকটা ঘৃণার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মানুষ নিজের জীবনে অতিষ্ঠ হয়ে অন্যের জীবন নিয়ে মন্তব্য করে।’

সবশেষে শুভ বলেন, ‘যারা আমার সম্পর্কে কিছু বলছে, তারা তো আমার জীবন কাটায় না। তারা জানেও না আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে তারা আমাকে নিয়ে মন্তব্য করার অধিকার পায় কোথা থেকে? আর বললেই বা আমি শুনব কেন?’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।