হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদ মিনারে রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে এ মন্তব্য করেন দলের কেন্দ্রীয় পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল।
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার সদর উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
আবু হেনা মোস্তাফা কামাল বলেন, “কয়েক দিন আগে আমরা শহরের নিমতলা শহীদ মিনারে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সে অনুযায়ী প্রচার-প্রচারণাও চালাই। কিন্তু আজ বিকেলে জেলা প্রশাসক আমাদের ডেকে বলেন, এটি রাজনৈতিক কর্মসূচি হওয়ায় অনুমতি দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “ডিসি একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নির্লজ্জভাবে কাজ করছেন। আমরা এতে মোটেও বিস্মিত নই, বরং এটি সরকারের ফ্যাসিস্ট চরিত্রেরই বহিঃপ্রকাশ।”
লিখিত বক্তব্যে তিনি জানান, আগামীকাল (আজ বৃহস্পতিবার) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা শহীদ মিনার থেকে করার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা হবে পৌরসভা মাঠ থেকে এবং শেষ হবে টাউন হলে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠুসহ অন্যান্য নেতারা।
খবরওয়ালা/এমএজেড



