ঢাকায় চলচিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন খেতাব দিয়ে থাকেন। সম্প্রতি দেখা যায় শাকিব খানের নামের আগে নতুন শব্দের ব্যবহার। অনেকেই তাকে মেগাস্টার শাকিব খান বলে আখ্যা দিচ্ছেন। আর এই শব্দচয়নে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আপত্তির কথা জানিয়েছেন জাহিদ হাসান। তার কাছে শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে।
সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে। সেখানে উঠে আসে আয়ের দিক থেকে জাহিদের ‘উৎসবে’-এর শাকিব খানের ‘তাণ্ডব’-কে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি।
এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে ‘তাণ্ডব’ সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’
কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তা-ই হয়েছে। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে হল থেকে নেমে গেছে।
এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘শেক্সপিয়ারের একটা কথা আছে “কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার।” আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’
জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক।
খবরওয়ালা/এফএস



