শুভ জন্মদিন প্রজ্ঞা লাবনী

প্রজ্ঞা লাবনী — এক নামেই যেন জড়িয়ে আছে সৌন্দর্য, মেধা, শালীনতা আর মাধুর্যের এক অদ্ভুত মেলবন্ধন। তিনি একটি ভালো লাগা নাম, একটি মধুর স্মৃতির ফ্রেম। সবকিছুর শেষে সত্যটি একটাই— প্রজ্ঞা লাবনী অনন্যা। বহুমাত্রিক প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। 

বিশিষ্ট লেখিকা, চৌকস অনুষ্ঠান উপস্থাপিকা, প্রতিথযশা আবৃত্তিশিল্পী, জনপ্রিয় বেতার ব্যক্তিত্ব এবং আশির দশকের সফল টেলিভিশন অভিনেত্রী— কি নন তিনি? একসময় বেতার ব্যক্তিত্ব শফি কামালের সঙ্গে জনপ্রিয় রেডিও ম্যাগাজিন ‘উত্তরণ’ অনুষ্ঠানে উপস্থাপনা করে শ্রোতাদের মন জয় করেছিলেন। তাঁদের সুললিত কণ্ঠ আর আবেগঘন উপস্থাপনা যেন এক জাদু ছড়াতো বাতাসে—আমরাও বসে থাকতাম রাত ন’টার অপেক্ষায়, রেডিও সেটের সামনে।

২০০৭ সালে এনামুল করিম নির্ঝরের চলচ্চিত্র ‘আহা’–তে বিশেষ ভূমিকায় অভিনয় করে প্রজ্ঞা লাবনী আবারও প্রমাণ করেছেন নিজের জাত— এক নিপুণ শিল্পী, পরিশীলিত অভিনেত্রী। প্রজ্ঞা লাবনীর মা ছিলেন অধ্যাপক, সাহিত্যিক ও ভাষাসৈনিক হালিমা খাতুন, আর পিতা ছিলেন একসময় খুলনার জেলা প্রশাসক। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তাঁর চাচাতো বোন।

লাবনী ছিলেন হলিক্রস কলেজের ছাত্রী। শিক্ষার পাশাপাশি তিনি পার্টটাইম শিক্ষকতা করেছেন আইইউবি, এনএসইউ, ড্যাফোডিল, শান্তা মারিয়াম, ইস্ট ওয়েস্ট ও ইস্টার্ন ইউনিভার্সিটিতে। ২০১০ সাল থেকে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি-তে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং অর্থনীতিতে এমবিএ করা এই প্রতিভাবান নারী ছিলেন বাংলাদেশ বিমানের স্টাফ প্রশিক্ষক হিসেবেও।

প্রখ্যাত আবৃত্তিশিল্পী প্রয়াত কাজী আরিফ ছিলেন তাঁর স্বামী। তাঁদের চার সন্তান — প্রপা, আনুশা, বৃন্ত ও তেপান্তর।

আজ ৪ অক্টোবর, প্রজ্ঞা লাবনীর জন্মদিন।vএই দিনে তাঁর জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন, সুন্দর থাকুন, মসৃণ হোক আপনার আগামীর পথচলা। আপনার নিরহংকার, ভ্রমণপিয়াসী ও উদারচিত্ত জীবনের প্রতিটি দিন হোক আনন্দে ভরা।

শুভ জন্মদিন, প্রজ্ঞা লাবনী — আপনি আলো ছড়ান, আমরা অনুপ্রাণিত হই।

লেখক: সম্পাদক ও প্রকাশক

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।