সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যাংক কর্মচারী

জয়পুরহাটের আক্কেলপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪৫) নামের এক ব্যাংক কর্মচারীর করুণ মৃত্যু হয়েছে। নিজ ক্ষেতের উৎপাদিত শিম বাজারে বিক্রি করে অফিসে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু পথেই ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে গেল তাঁর প্রাণ। বুধবার ভোর পাঁচটার দিকে আক্কেলপুর উপজেলার কেশাইল এলাকার একটি মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান নওগাঁ জেলার বদলগাছী উপজেলার রোকনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই ভোরে নিজের ক্ষেত থেকে তোলা শিম মোটরসাইকেলের পেছনে বেঁধে আক্কেলপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আব্দুল হান্নান। পরিকল্পনা ছিল শিম বিক্রি শেষ করে তিনি সোজা ব্যাংকের কর্মস্থলে যোগ দেবেন। কিন্তু কেশাইল এলাকায় পৌঁছালে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
দুর্ঘটনাস্থলে সড়কের উত্তর পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু রেখে বেচাকেনা করা হচ্ছিল। ব্যবসায়ীরা সড়কের অনেকটা অংশ জুড়েই বালুর স্তূপ করে রেখেছিলেন। ঘটনার সময় একটি ট্রাক সড়ক দখল করে দাঁড়িয়ে বালু লোড করছিল। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে পাথরবোঝাই আরেকটি চলন্ত ট্রাক চলে আসে। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ায় মোটরসাইকেল নিয়ে বিপাকে পড়েন হান্নান। পাথরবাহী ট্রাকটি তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে রাস্তার নিচে নেমে গেলেও শেষ রক্ষা হয়নি। পাথরবোঝাই ট্রাকটির সাথে ধাক্কা লেগে তিনি মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানান, অনিয়ন্ত্রিতভাবে সড়কের ওপর বালু রেখে ব্যবসা করার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বালু লোড করতে আসা ট্রাকটি মাঝরাস্তায় না দাঁড়ালে দুটি যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি হতো না এবং হান্নানকেও অকালে প্রাণ দিতে হতো না। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক থেকে বালুর স্তূপ অপসারণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কাউকে এভাবে অকালে ঝরে পড়তে না হয়।
খবর পেয়ে পুলিশ ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।