সরকারি অফিসে ঢুকে মানববন্ধনকারীদের পেটালেন বিএনপির নেতাকর্মীরা

পাবনার সাঁথিয়া উপজেলা ভূমি অফিসে মানববন্ধনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোহেল রানা নামের এক যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী তারেক নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নিয়ে ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজ করতেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। সোমবার ওই অভিযোগের শুনানি ছিল উপজেলা ভূমি অফিসে।

শুনানির আগে এলাকাবাসী অফিসের সামনে মানববন্ধনে দাঁড়ান। অভিযোগ, মানববন্ধন চলাকালে পরিচ্ছন্নতাকর্মী তারেকের পক্ষ নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্যসচিব ফকরুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী সেখানে হামলা চালান। এতে সোহেল রানা আহত হন।

আহত সোহেল রানা জানান, ‘একজন দুর্নীতিবাজ কর্মীর বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারেকের পক্ষ নিয়ে বিএনপি নেতারা আমাদের ওপর হামলা চালায়। আমি প্রাণ বাঁচাতে ভূমি অফিসের ভেতরে আশ্রয় নিলেও সেখানে ঢুকে আমাকে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে সব প্রমাণ পাওয়া যাবে।’

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান বলেন, ‘মানববন্ধনে যারা অংশ নিয়েছিল তারা আসলে আওয়ামী লীগের সমর্থক। তারা ভূমি অফিসের সামনে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছিল। আমরা শুধু তাদের সরিয়ে দিয়েছি। মারধরের অভিযোগ মিথ্যা।’

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাদিয়া সুলতানা বলেন, ‘শুনানির আগেই উভয়পক্ষের মধ্যে বিশৃঙ্খলা হয়। এতে অফিসের কয়েকটি কম্পিউটার ভাঙচুর হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।