সিল নয়, ১৮ হাজার সনদে থাকবে চবি উপাচার্যের নিজ হাতে করা স্বাক্ষর

আগামী ১৪ মে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন। প্রস্তুতি ঘিরে সব মহলেই চলছে বাড়তি কাজের চাপ। বলা হচ্ছে চবির ইতিহাসের সর্ববৃহৎ সমাবর্তন হতে যাচ্ছে এটি যেখানে অংশ নেবেন ২২ হাজার ৬০০ চবিয়ান।

তবে শত ব্যস্ততার মাঝেও সমাবর্তনে অংশ নেওয়া এত সংখ্যক শিক্ষার্থীদের সনদে নিজ হাতে সই করছেন চবি উপাচার্য। সিল বানিয়ে দেওয়ার সুযোগ থাকলেও তা না করে নিজ হাতে সই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সনদে সইরত একটি ছবি প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সেখানে দেখা যাচ্ছে, উপাচার্যের সামনের পুরো টেবিলজুড়ে ক্রমান্বয়ে শিক্ষার্থীদের সনদ রাখা। একের পর এক সনদে সই করছেন উপাচার্য। সমাবর্তন ঘিরে উপাচার্যের এমন প্রচেষ্টার প্রশংসা করছেন শিক্ষার্থীরা।

সনদে সই করার ছবি ফেসবুকে পোস্ট করে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার লিখেছেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তী ২৩ হাজার। ১৮ হাজার সনদে সই করতে হবে। সিল বানিয়ে দেওয়া যেতো। সেটা করিনি। সমাবর্তীরা এখানে ৫-৬ বছর পড়েছেন। তারা আমাদের একাডেমিক সন্তান। আমরা চাই, কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক। সেজন্য স্বল্প সময়ে সই করার জন্য এ পদ্ধতিতে কাজ করছি।’

উপাচার্যের পোস্টে সিদ্দিকুর রহমান ভুঁইয়া নামের একজন শিক্ষার্থী লিখেছেন, ‘আপনাদের হাতের স্পর্শযুক্ত সার্টিফিকেট একজন স্নাতককে আনন্দ দান করবে।’

ওয়ালিউল্লাহ নামের আরেকজন শিক্ষার্থী বলেন, ‘স্যারের এ দৃষ্টিভঙ্গি আর দায়িত্ববোধের কাছে শিক্ষার্থী হিসেবে মাথা নোয়াতেই হবে। চবি শিক্ষার্থীদের জন্য এটা এক অসাধারণ ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে।’

সমাবর্তনে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য দেবেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।