খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ভাসমান দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হাওরের উত্তর শ্রীপুর ইউনিয়নের পুরানগাঁও বাগ এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা থেকে বাড়ি ফেরার পথে কেবল দাশের নৌকা আটকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদল।
তারা কেবল দাশকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং দা দেখিয়ে নৌকার মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও তার মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাকাউন্টে থাকা ৩ হাজার ৭০০ টাকা জোরপূর্বক তুলে নেয়।
কেবল দাশ বলেন, আমার ভাসমান দোকানে প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল ছিল। এছাড়া সারাদিন পর্যটকদের কাছে বিক্রি করা পণ্যের ৮০ হাজার টাকাও ডাকাতরা নিয়ে যায়।
শনিবার (১৬ আগস্ট) সকালে ভুক্তভোগী দোকানদার কেবল দাশ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ১ জনকে সনাক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
খবরওয়ালা/এফএস