সুন্দরবনে দু’দিনে ২১ জেলে অপহরণ: আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় উপকূলের মৎস্যজীবীরা

পূর্ব সুন্দরবনের বিভিন্ন নদ-নদী ও সাগরসংলগ্ন এলাকা থেকে গত দুই দিনে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। মাছ ধরার সময় পৃথক পৃথক স্থান থেকে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। একের পর এক দস্যুতার এ ঘটনায় বাগেরহাট, মোংলা ও শরণখোলার মৎস্যজীবী এবং জলমহাল ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলীয় ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় হঠাৎ অজ্ঞাতপরিচয় দস্যুরা কয়েকটি নৌকায় একযোগে হামলা চালায়। তারা প্রতিটি নৌকা থেকে অন্তত একজন করে জেলেকে তুলে নিয়ে একটি বড় ট্রলারে আটকে রাখে। এভাবে এক রাতেই ১৫ জন জেলেকে তুলে নিয়ে যায় তারা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত জেলেরা বন বিভাগের কাছ থেকে নিয়ম মেনে পাস বা অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের খালে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে মাছ ধরছিলেন। অপহৃত ১৫ জেলের মধ্যে ১০ জনের পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়েছে। তারা হলেন—খুলনা জেলার বাসিন্দা আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদাউস (২৮); এবং বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। বাকীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একই রাতে সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকেও নতুন করে দুই জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। মোংলার এক জেলে মহাজন জানান, সংঘবদ্ধ বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা মাছ ধরার সময় বহরে হানা দিয়ে তাদের তুলে নিয়ে যায়। অপহৃত এই দুই জেলে হলেন মোংলার উলুকাটা চিলা এলাকার বাসিন্দা মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)। এর আগের দিনও একই এলাকা থেকে আরও চার জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু চক্রের সদস্যরা। ফলে সব মিলিয়ে দুই দিনে অপহৃত জেলের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
সুন্দরবনের ওপর নির্ভরণশীল সাধারণ মৎস্যজীবীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত জীবিকা নির্বাহ করতে হয়। কিন্তু সাম্প্রতিক এসব অপহরণের ঘটনা তাদের চরম বিপাকে ফেলেছে। স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন সময় সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও সুন্দরবনের গহীনে নতুন নতুন অপশক্তি ও দস্যু বাহিনী মাথাচাড়া দিয়ে উঠছে। জীবনের ঝুঁকি নিয়ে খালে-বিলে মাছ ধরতে গিয়ে যদি জেলেদের প্রতিনিয়ত জিম্মি হতে হয়, তবে এই শিল্প ও উপকূলীয় মানুষের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান চালিয়ে অপহৃত ২১ জেলেকে দ্রুত উদ্ধার এবং দস্যুদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে বন দস্যুতার এই বিস্তর ঘটনা সত্ত্বেও উদ্ধার তৎপরতা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জেলে অপহরণের বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নন। তবে সার্বিক বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সুন্দরবন এলাকায় নৌ টহল জোরদার করার প্রক্রিয়া চলছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।