স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় পলাতক স্বামী মোছলেম উদ্দিনকে (৩২) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ জুলাই) তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার মোছলেম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যম বগাচতর গ্রামের নুর মোস্তফার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১২ বছর আগে মোছলেম উদ্দিনের সঙ্গে বিয়ে হয় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার ফাতেমা আক্তারের (২৬)। দাম্পত্য জীবনে নিয়মিতই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন ফাতেমা। এসব নির্যাতনে শাশুড়ি ও ননদেরও সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।

গত ১৪ জুন স্বামীর পরিবার ফাতেমার বাবার বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা কেনার জন্য টাকা আনার চাপ দিতে থাকে। এ নিয়ে ঝগড়ার জেরে ফাতেমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফাতেমার বাবা মো. নুরুল আফছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মোছলেম উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ২১)। ঘটনার পর এলাকায় প্রতিবাদ ও মানববন্ধন হয়, পাশাপাশি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করায় বিষয়টি র‌্যাব-৭ এর নজরে আসে।

এরপর থেকেই র‌্যাব-৭ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় মোছলেম উদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে গভীর রাতে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আসামিকে শুক্রবার থানায় হস্তান্তর করা হয়েছে এবং আজ আদালতে তোলা হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।