স্বামীকে কাঠগড়ায় দেখে কাঁদলেন নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী

দুর্নীতির মামলায় ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। স্বামীকে কাঠগড়ায় দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ফারহানা রহমান হ্যাপি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিচারক সাব্বির ফয়েজের আদালতে এ দৃশ্য দেখা যায়। সকাল থেকেই দুর্জয়কে দেখার জন্য আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন তাঁর স্ত্রী ও বোন। দুপুরে মাথায় হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া পরা অবস্থায় তাকে এজলাসে আনা হয়। পরে কাঠগড়ায় দাঁড় করানো হলে হেলমেট, জ্যাকেট ও হাতকড়া খোলা হয়। এ সময় কাছে এগিয়ে গিয়ে দুর্জয়ের সঙ্গে কথা বলেন স্ত্রী ও বোন। স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়েন হ্যাপি, আর দুর্জয়ের বোন ভাইয়ের হাত ধরে চুমু খান। দুই মিনিট কথা বলার পর পুলিশ তাদের সরে যেতে বলে।

দুপুর সাড়ে ১২টার দিকে মামলার শুনানি হয়। দুর্জয়ের আইনজীবী কারাবিধি অনুযায়ী একান্তে কথা বলার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। তবে মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এদিন প্রতিবেদন জমা দিতে পারেনি। আগামী ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

পরে দুর্জয়কে হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে তোলা হয়। ভ্যানে দাঁড়িয়ে হাত নেড়ে স্ত্রী ও বোনকে বিদায় জানান তিনি।

গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে দুর্জয়ের বিরুদ্ধে ১১ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলা করেন। এছাড়া তাঁর নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আটক আছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।