হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অঁদ্রি রাজোয়েলিনা। তবে মঙ্গলবার (১৪ অক্টোবর) হঠাৎ ফেসবুকে লাইভে এসে নিজের পদত্যাগ ও চলমান বিক্ষোভ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। অভিযোগ করেন, সেনাবাহিনীর একাংশ ও রাজনীতিকদের একটি চক্র তার হত্যাচেষ্টা চালিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএফআই-এর প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত স্থান থেকে দেওয়া লাইভ ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে আমার জীবননাশের চেষ্টা চলছে। একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।’ তিনি দাবি করেন, জীবন বাঁচাতে ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ বাধ্য হয়েছেন।

তার ঘনিষ্ঠ সূত্র জানায়, রাজোয়েলিনা রবিবার ফ্রান্সের সেনাবাহিনীর একটি বিমানে করে দেশ ত্যাগ করেন। যদিও ভাষণে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেননি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেনারেশন জি’ নামের একটি আন্দোলনের সদস্যরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে রাজপথে নেমে আসে।

তবে রাজোয়েলিনা এসব দাবিকে উপেক্ষা করে বলেন, ‘এই সব সমস্যার একটাই সমাধান—বর্তমান সংবিধানকে শ্রদ্ধা করা। যদি আমরা তা না করি, দারিদ্র্য আরও বেড়ে যাবে।’ তিনি নিজেকে ‘সমাধান খুঁজে বের করার মিশনে নিয়োজিত’ বলে উল্লেখ করেন।

‘জেনারেশন জি মাদাগাস্কার’-এর এক সদস্য এলিয়ট আরএফআই-কে বলেন, ‘তিনি স্পষ্টতই আলোচনার জন্য আগ্রহী নন। এমনকি জাতীয় সংলাপে অংশ নেবেন কি না, তাও নিশ্চিত নয়। তবে আমরা বিক্ষোভ চালিয়ে যাব এবং শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান খুঁজব।’

রাজোয়েলিনা ২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এবার রাভালোমানানা বলেন, ‘সংবিধান মানা জরুরি হলেও বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন প্রয়োজন। দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, সেটি স্বীকার করতে হবে।’

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মাদাগাস্কারের অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দেশের সংবিধান ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদাগাস্কারের স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ এর ওপরই নির্ভর করে।’

সূত্র: আরএফআই

 

খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।