খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 3শে ভাদ্র ১৪৩২ | ১৮ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ-সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।
২০২২ সালের ১ সেপ্টেম্বর দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (১৮ আগস্ট) এ রায় দেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ওই ৮৫ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
২০২২ সালের ১ সেপ্টেম্বর ইসিকে দেওয়া ট্রাইব্যুনালের রায় বাতিল করেছিলেন আপিল বিভাগ। এরপর বরখাস্ত কর্মকর্তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি আপিল এবং চারটি রিভিউ পিটিশন দাখিল করা হয়।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহউদ্দিন দোলন, প্রবীর নিয়োগী ও মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আইনজীবী মুহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
এর আগে, ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এক রায়ে ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে একই বছরের ২৫ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি রায় স্থগিত করে নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ দেন।
পরবর্তীতে ২০১০ সালের ১২ ডিসেম্বর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখে সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর করেছিলেন।
খবরওয়ালা/টিএসএন