খবরওয়ালা অনলাইন ডেস্ক: ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ মাসের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ। শনিবার (১ মার্চ) বিকেল ৪টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীনতার পতাকা প্রদর্শন ও উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ৯ মার্চ মাওলানা ভাসানী কর্তৃক বঙ্গবন্ধুকে ঐতিহাসিক সমর্থন প্রদান করে ভাষণ, ১৯ মার্চ জয়দেবপুর ক্যান্টনমেন্টের বাঙালি অফিসার ও সৈন্যদের বিদ্রোহ, ২০ মার্চ ছাত্র—গণবাহিনীর মিছিল, ২৩ মার্চ পল্টন ময়দানে সামরিক কুচকাওয়াজের সাথে গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন, রাজপথে সামরিক কুচকাওয়াজ করে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনসহ সমগ্র পূর্ব বাংলায় স্বাধীনতার পতাকা উত্তোলন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্র্যাকডাউন ও গণহত্যা শুরু, ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র প্রতিরোধ মুক্তিযুদ্ধের সূচনাসহ ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণ করা হয়।
জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের ছদ্মবেশী জঙ্গিবাদী অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারীরা মুক্তিযুদ্ধের নাম, নিশানা, চিহ্ন, স্মারক মুছে ফেলার অপচেষ্টা করছে এবং পাকিস্তানি ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুসহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচার করা হচ্ছে এবং ‘বিচারিক হত্যার’ জন্য মরিয়া হয়ে উঠেছে।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার অপচেষ্টার বিরুদ্ধে জাসদের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। দেশে যে অরাজকতা, নৈরাজ্য, মব তন্ত্র, বুলডোজার তন্ত্র, শাসন শূন্যতা, নেতৃত্ব শূন্যতা, সাংবিধানিক শূন্যতা চলছে, অর্থনীতিতে যে সংকট ও স্থবিরতা তৈরি হয়েছে, তা থেকে দেশ-জাতি-জনগণকে মুক্ত করতে হলে জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসনের বিকল্প নাই।
বক্তারা বলেন, আপিল বিভাগ কর্তৃক ১৫ তম সংশোধনীর অংশবিশেষ বাতিল হয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার পর অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংবিধান সুনির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
এ সময় বক্তারা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুসহ মিথ্যা মামলায় আটক রাজনৈতিক নেতাদের মুক্তি এবং জাসদের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, কেন্দ্রীয় সদস্য কাজী সাইমুল হক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সামছুল ইসলাম সুমন, জাসদ নেতা আহসান হাবীব শামীম, জাতীয় নারী জোটের সদস্য নুরতাজ পারভীন, আইনজীবী পরিষদের সদস্য শ্রাবণী দত্ত গুহ জয়া, জাসদ ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
খবরওয়ালা/জেআর



