খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন ২০২৫
রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই গরু ব্যবসায়ী। তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। বর্তমানে হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আনোয়ার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতদের সহকর্মী নূর ইসলাম জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া এলাকা থেকে তারা ২৮টি গরু নিয়ে ঢাকার তিব্বত গরুর হাটে এসেছিলেন। হাটে পৌঁছে ২৭টি গরু বিক্রি করেন তারা। গরু বিক্রির প্রায় ২৫ লাখ ছিল হাসান ও আনোয়ারের কাছে। রাত সাড়ে ১২টার দিকে খাবার খুঁজতে হাট এলাকা থেকে বের হলে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশে খোঁজ করতে গিয়ে রাস্তার পাশে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মো. হাসান। আনোয়ার হোসেন চিকিৎসা নিচ্ছেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির একটি সংঘবদ্ধ চক্র খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়।’
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান ফারুক।
খবরওয়ালা/এন