খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 6শে পৌষ ১৪৩২ | ২০ই ডিসেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করে বড় চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরমার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা শুবমান গিলকে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট মহলে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। অনেকেই যেখানে গিলকে ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে দেখছিলেন, সেখানে এমন সিদ্ধান্ত বিস্ময় তৈরি করেছে।
গিলকে বাদ দিয়ে দলে ফিরিয়ে আনা হয়েছে বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষানকে। দীর্ঘ প্রায় দুই বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের ২৮ নভেম্বর গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইশান। এরপর ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে চলে যান তিনি। একসময় তো নির্বাচকদের ভাবনাতেই ছিলেন না এই আগ্রাসী ওপেনার। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন ইশান।
সর্বশেষ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অসাধারণ ব্যাটিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১৭ রান সংগ্রহ করেন তিনি। এই পথে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি হাঁকান ঝাড়খণ্ডের অধিনায়ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফাইনাল ম্যাচেও বড় মঞ্চে নিজের জাত চেনান ইশান। হরিয়ানার বিপক্ষে ফাইনালে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ৬৯ রানের জয়ে নেতৃত্ব দেন তিনি। মাত্র ২০৬.১২ স্ট্রাইকরেটে খেলা ওই ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার। ব্যাটিংয়ের পাশাপাশি দুইটি ক্যাচ নিয়ে ফাইনালের সেরাও হন তিনি। এই পারফরম্যান্সই বিশ্বকাপ দলে ফেরার পথ খুলে দেয় ইশানের জন্য।
ইশানের পাশাপাশি দলে ফিরেছেন আরেক বাঁহাতি ব্যাটার রিংকু সিং। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সিরিজে না থাকলেও আগের পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। রিংকুকে জায়গা দিতে বাদ পড়েছেন জিতেশ শর্মা।
ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে ভারত দলের নেতৃত্ব থাকছে সূর্যকুমার যাদবের হাতে। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। দল গঠনে ভারসাম্যের দিকে বিশেষ নজর দিয়েছে বিসিসিআই। দলে রাখা হয়েছে তিনজন পেসার ও দুইজন স্পিনার। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ। তাকে সহায়তা করবেন হারষিত রানা ও আর্শদীপ সিং। স্পিন বিভাগে আছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
অলরাউন্ডার বিভাগেও শক্তিশালী দল গড়েছে ভারত। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর—এই চারজন থাকছেন ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য আনতে।
সব মিলিয়ে গিলকে বাদ দেওয়া, ইশান ও রিংকুর প্রত্যাবর্তন এবং নতুন কিছু মুখের অন্তর্ভুক্তি ভারতের বিশ্বকাপ দলকে দিয়েছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়, এই চমকে ভরা স্কোয়াড মাঠে কতটা সফল হতে পারে এবং ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি।