খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫
দেশীয় বিমান সংস্থা নভোএয়ার তাদের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। শুক্রবার(২ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলেও শনিবার (৩ মে) পর্যন্ত সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বন্ধের মেয়াদ বা সুনির্দিষ্ট কারণ জানায়নি।
নভোএয়ারের রিজার্ভেশন বিভাগ থেকে জানানো হয়েছে, যারা সরাসরি নভোএয়ার থেকে টিকিট কেটেছেন, তারা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে টিকিটের টাকা ফেরত পাবেন। আর যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট নিয়েছেন, তাদের সেই এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, নভোএয়ার কয়েকশ কোটি টাকা লোকসান গুনেছে। এ অবস্থায় একটি বিদেশি কোম্পানির সঙ্গে নভোএয়ার বিক্রির আলোচনা চলছে। সেই আলোচনার অংশ হিসেবে কোম্পানির আর্থিক নিরীক্ষা শুরু হয়েছে এবং উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, বিক্রির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। চুক্তি না হলে প্রতিষ্ঠানটি পুনরায় ফ্লাইট চালু করতে কত সময় লাগবে, তাও অনিশ্চিত। এ অবস্থায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ টিকিট বাতিল, রিফান্ড এবং বিকল্প ফ্লাইটের বিষয়েও স্পষ্ট নির্দেশনা মেলেনি।
খবরওয়ালা/আরডি