খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫
বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার পর থেকে ভারতীয় ইন্টারনেটে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’–সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে তিনি ছিলেন অন্যতম নারী মুখ। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।
এই দুই সাহসিনী কীভাবে এবং কখন ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ গুঁড়িয়ে দেয়, তার বিস্তারিত তুলে ধরেন তাঁরা। এরপর থেকেই তাঁদের পরিচয় নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
কর্নেল সোফিয়া কুরেশি কে?
ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি দীর্ঘদিন ধরেই সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিকস অপারেশন ক্ষেত্রে কাজ করছেন। ২০১৬ সালে তিনি ইতিহাস সৃষ্টি করেন ১৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত সামরিক মহড়া ‘এক্সারসাইজ ফোর্স ১৮’-তে ৪০ সদস্যের ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়ে। এটিই ছিল কোনো বহুজাতিক মহড়ায় ভারতীয় দলের প্রথম নারী নেতৃত্ব। ওই মহড়ায় চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ অংশ নেয়। তবে অন্য কোনো দেশের দলে নারী নেতৃত্ব ছিল না।
সোফিয়া ২০০৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোয় সামরিক পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। গুজরাটের বাসিন্দা এই সাহসী কর্মকর্তা বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৯ সালে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি বিভিন্ন উচ্চ-ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন। সেনাবাহিনীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কও দৃঢ়—দাদা ও বাবা দুজনেই ছিলেন সেনা কর্মকর্তা। এমনকি তাঁর স্বামীও একজন মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার।
উইং কমান্ডার ব্যোমিকা সিং: আকাশকন্যার বাস্তব প্রতিচ্ছবি
কর্নেল সোফিয়ার সঙ্গে একই ব্রিফিংয়ে অংশ নেন উইং কমান্ডার ব্যোমিকা সিং। ‘ব্যোমিকা’ অর্থাৎ ‘আকাশকন্যা’ নামটির মতোই তাঁর জীবনও আকাশকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ছোটবেলা থেকেই মহাশূন্যে পা রাখার স্বপ্ন দেখা ব্যোমিকা প্রকৌশলে স্নাতক সম্পন্ন করে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন। হেলিকপ্টার পাইলট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি পার করেছেন আড়াই হাজার ঘণ্টারও বেশি বিমানচালনা, যার অধিকাংশই দুর্গম পাহাড়ি অঞ্চলে।
ব্যক্তিগতভাবে পর্বতারোহণের প্রতিও রয়েছে তাঁর গভীর আগ্রহ। ২০২১ সালে ২১,৬৫০ ফুট উচ্চতার মাউন্ট মনিরং অভিযানে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর নারী সদস্যদের নিয়ে গঠিত একটি দলের অংশ ছিলেন ব্যোমিকা।
সূত্র: বিবিসি
খবরওয়ালা/আরডি