অভিনয় ছাড়লে সাংবাদিকতা করব : মোশাররফ করিম

দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার জানালেন অভিনয়ের বাইরে তার আরেকটি আগ্রহের কথা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যদি অভিনয় ছাড়েন, তাহলে সাংবাদিকতায় আসার পরিকল্পনা রয়েছে তার।

মোশাররফ করিম বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি তো উপভোগ করিও না।’

অভিনয় থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় এলেও পুরোপুরি নিজেকে অন্যকোনো ক্ষেত্রে দেখার বিষয়টি এখনো স্পষ্ট নয় তার কাছে। তবে একটি জায়গা তাকে বরাবরই টেনেছে—সাংবাদিকতা। এই পেশার প্রতি রয়েছে তার আলাদা ভালোবাসা ও শ্রদ্ধা।

তিনি বলেন, ‘সাংবাদিকতা সবসময়ই আমাকে আকর্ষণ করে। মানুষের জীবনঘনিষ্ঠ গল্প, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার যে শক্তি একজন সাংবাদিকের হাতে থাকে, তা আমাকে ভীষণভাবে টানে।’

এমনকি অনেক আগে থেকেই তার মনে হয়, প্রিয় শিল্পীদের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে। ‘অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ,’ বলেন তিনি।

সাংবাদিকতার সৃজনশীল দিকটিও তাকে দারুণভাবে মুগ্ধ করে। ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে—আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে,’ উল্লেখ করেন মোশাররফ করিম।

অভিনেতার এমন মন্তব্যে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, ‘সাংবাদিকতা জগতে মোশাররফ করিম আসলে সমাজের জন্য ভালোই হবে।’ আবার কেউ বলছেন, ‘আমরা তাকে শুধু অভিনয়ের মঞ্চেই দেখতে চাই।’

বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করলেও ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় মোশাররফ করিমকে দেখা গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না—এমনটাই মনে করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।