অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এলংজুরী এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম শ্রীকৃষ্ণ দাস (৫০)। তিনি এলংজুরী ইউনিয়ন সদরের বড়হাটি এলাকার মৃত রসিক দাসের ছেলে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে শ্রীকৃষ্ণ দাস একটি ডিঙি নৌকায় করে বাড়ির পাশ্ববর্তী ধনু নদীতে মাছ ধরতে যান।
এ সময় তার আশপাশে আরও কয়েকজন জেলে মাছ ধরছিলেন। কিন্তু সকাল ৮ টার দিকে তারা দেখতে পান, নৌকায় জাল ও মোবাইল থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ দাস নেই। পরে স্থানীয়রা তাদের এলাকায় খবর দেন।
ইটনা নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, গতকাল থেকেই শ্রীকৃষ্ণ দাসের শরীরে জ্বর ছিল। তারপরও জীবিকার তাগিদে তিনি মাছ ধরতে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় সম্ভবত নদীতে পড়ে যান।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
খবরওয়ালা/শরিফ