অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজনীতি মেশানোর অভিযোগ তুললেন আফগানিস্তানের প্রধান নির্বাচক

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার আসাদুল্লাহ খান কঠোর সমালোচনা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, আফগান নারীদের খেলাধুলা স্থগিত করার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেটে রাজনীতি মিশিয়ে ফেলেছে, যা তিনি ক্রিকেটের চেতনার পরিপন্থী বলে মনে করেন।

তালেবান সরকার ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে অস্ট্রেলিয়া আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। কারণ হিসেবে তারা জানায়, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

আসাদুল্লাহ খান বলেন, “আমাদের নারী ক্রিকেট দল বহু বছর ধরে কোনো ম্যাচ খেলেনি, এটা সত্যি। তবে এই বিষয়টি বদলাতে সময় লাগবে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অন্যান্য বোর্ড ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে—এটা ভদ্রলোকের খেলার জন্য শুভ লক্ষণ নয়।”

তিনি আরও বলেন, “যে দেশগুলো আফগানিস্তানের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানাচ্ছে, তারা মূলত এক শক্তিশালী দলকে অবমূল্যায়ন করছে, যারা ক্রিকেটে কোনো ভুল করেনি। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম, আর আমাদের জয়ের হারও বেশ চমকপ্রদ। তবুও যদি কেউ রাজনীতির কারণে আমাদের বাদ দেয়, সেটি কেবল ভালো ক্রিকেটেরই ক্ষতি।”

কান উল্লেখ করেন, “অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের আচরণের পেছনে কিছু সাংস্কৃতিক কারণ থাকতে পারে। কিন্তু এজন্য আফগানিস্তানের পুরুষ ক্রিকেটকে বয়কট করা শুধুই ক্ষতিকর সিদ্ধান্ত হবে।”

সম্প্রতি তালেবান শাসনের পর দেশত্যাগ করা আফগান নারী ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত ২০২৫ সালের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, যেখানে ভারত মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার।

এছাড়া আসাদুল্লাহ খান ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা কৃতজ্ঞ সেই দেশগুলোর প্রতি যারা এখনো আমাদের সঙ্গে খেলছে, বিশেষ করে ভারতের প্রতি। বিসিসিআই শুধু মাঠ-সুবিধা দিয়ে নয়, আইপিএলেও আমাদের খেলোয়াড়দের সুযোগ দিয়েছে। বিশ্বের সেরা লিগে এখন আমাদের আটজন খেলোয়াড় নিয়মিত খেলছে, যা আফগান ক্রিকেটকে আরও সমৃদ্ধ করছে।”

খবরওয়ালা/এসজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।