অস্ট্রেলিয়া থেকে উইলিয়ামসকে নিয়ে ঢাকায় ভারত!

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নতুন নাগরিক রায়ান উইলিয়ামসকে নিয়ে ঢাকায় আসছে ভারত জাতীয় ফুটবল দল। আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, আর সেই ম্যাচের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। উইলিয়ামস ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

সম্প্রতি ভারত তাঁকে নাগরিকত্ব দিয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করতে হলে প্রয়োজন হবে ফিফাএএফসি–র চূড়ান্ত অনুমোদন। অনুমোদন এখনো না মিললেও ভারতীয় প্রধান কোচ খালিদ জামিল তাঁকে স্কোয়াডে রেখেছেন, যা ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় পাসপোর্ট পাওয়ার পরই উইলিয়ামসের অন্তর্ভুক্তি এআইএফএফ-এর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ—ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের জাতীয় দলে আনার নতুন উদ্যোগ হিসেবে দেখছে সংস্থাটি। তবে ফুটবল অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র (NOC) এবং ফিফা-এএফসির অনুমোদন না পাওয়া পর্যন্ত তাঁর মাঠে নামা অনিশ্চিত।

উইলিয়ামস ২০২৩ সাল থেকে ভারতেই অবস্থান করছেন এবং খেলছেন বেঙ্গালুরু এফসির হয়ে। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ভারতীয় কোচিং স্টাফের নজরে পড়ে যান তিনি।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে দুই দলের বাছাইপর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচ। মার্চে দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। সেদিন লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন, আর একই ম্যাচে অবসর ভেঙে ফিরে এসেছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। তবে এবার ৪১ বছর বয়সী ছেত্রীকে স্কোয়াডে রাখা হয়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।