খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকাসহ চারটি জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সতর্কতামূলক অতিরিক্ত দায়িত্ব পালন করছে বাহিনীটি।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবির টহল দল। পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
বিজিবির একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এছাড়া বিভিন্ন মহাসড়কসহ ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ ছিল ১৩ নভেম্বর। সেদিন কার্যক্রম আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এর পর ৭ নভেম্বর রাত থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে নতুন কর্মসূচির কথা বলছে। ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে।
খবরওয়ালা/এসএস