খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের সুপার ফোরে একটি করে ম্যাচ জিতে সমান অবস্থানেই আছে বাংলাদেশ ও ভারত। তবে কাগজে-কলমে সমতা থাকলেও বাস্তবে দুই দলের অবস্থা একেবারেই ভিন্ন।
এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত ভারত ছুটছে দুর্দান্ত ছন্দে। তাই ফাইনালে উঠতে না পারলে সেটাই হবে বড় অঘটন। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করা বাংলাদেশও বড় স্বপ্ন দেখছে। তবে ফাইনালে খেলতে হলে ভারত ও পাকিস্তান—দুটি কঠিন প্রতিপক্ষকে টপকানো ছাড়া উপায় নেই। আজকের ম্যাচ তাই বাংলাদেশের জন্য একেবারেই অগ্নিপরীক্ষা।
ভারত এই ম্যাচকে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ হিসেবে দেখলেও, সেটিকে খুব কঠিন চ্যালেঞ্জ ভেবে নিচ্ছে না। বরং দলকে আরও প্রস্তুত করতে একাদশে কিছু পরিবর্তন আনার সম্ভাবনাই বেশি। পাকিস্তানের বিপক্ষে জয়ী একাদশে তাই আজ দেখা যেতে পারে নতুন কয়েকটি মুখ।
উইকেটকিপার সঞ্জু স্যামসনের জায়গায় জিতেশ শর্মাকে নামানো হতে পারে অন্যতম পরিবর্তন। স্যামসন টুর্নামেন্টে চার ম্যাচ খেললেও ব্যাট হাতে প্রভাব রাখতে পারেননি। বিপরীতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত জিতেশ মিডল অর্ডারে হতে পারেন কার্যকর বিকল্প।
এছাড়া পেস আক্রমণে বিশ্রাম পেতে পারেন যশপ্রীত বুমরা। পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ ছিলেন এই তারকা বোলার, ৪ ওভারে ৪৫ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। তাঁর জায়গায় ফেরানো হতে পারে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে সুযোগ পেয়ে তিনি ছুঁয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ১০০ উইকেটের মাইলফলক।
এবার হয়তো একাদশে দেখা যেতে পারে রিঙ্কু সিংকেও। শুরু থেকেই দলে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। আজ সুযোগ পেলে বাদ পড়তে পারেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি পুরো টুর্নামেন্টে ৪ ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়েছেন।
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
পরীক্ষা-নিরীক্ষা যতই হোক, ভারতের মূল লক্ষ্য আজকের ম্যাচে জয় তুলে নেওয়া। তাতে ফাইনালের রাস্তা আরও মসৃণ হয়ে যাবে, আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সুপার ফোর ম্যাচ খেলতে নামবে অনেকটাই নির্ভার হয়ে।
খবরওয়ালা/ এমএজেড