আত্মপ্রকাশের দিনেই ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে এনসিপি যুবশক্তির বাকবিতণ্ডা

রাজধানীর গুলিস্তানে ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে মিছিলের সময় আহত ‘জুলাই যোদ্ধাদের’ প্রতিরোধের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠনের নতুন কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ঘোষণা দেন, ‘নতুন কমিটির নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল হবে।’

এরপর নেতারা মঞ্চ থেকে নেমে মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এগিয়ে গেলে সেখানে উপস্থিত ‘জুলাই আন্দোলনে’ আহত অন্তত অর্ধশত নেতাকর্মী তীব্র প্রতিক্রিয়া দেখান। তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং মিছিলের পথে বাধা সৃষ্টি করেন। এতে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।

আহত নেতাকর্মীরা জানান, এনসিপির পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে তারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে অনুষ্ঠানস্থলে আসেন। অনেকেই স্ক্র্যাচ, কোমরের বেল্ট বা সেলাই নিয়ে অংশ নিয়েছেন। কিন্তু অনুষ্ঠানে তাদের বসার ব্যবস্থা করা হয়নি। এমনকি সম্মানজনক আচরণও করা হয়নি।

আহত যোদ্ধা ওবায়দুল্লাহ বলেন, ‘আমি পিজি হাসপাতাল থেকে এসেছি। পরিচয় দেওয়ার পরও তিন জায়গায় বাধার মুখে পড়েছি। অনেকে অনুষ্ঠানস্থলে প্রবেশই করতে পারেননি, বাইরে অবস্থান করতে হয়েছে।’

ঘটনার সময় মঞ্চে উপস্থিত থাকা সত্ত্বেও এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় নেতারা ভিন্ন পথে মঞ্চ ত্যাগ করেন।

এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, ‘জুলাই যোদ্ধাদের জন্য মঞ্চের সামনে আলাদা জায়গা রাখা হয়েছিল। অনেকে সেখানে বসেছিলেন। যারা অভিযোগ তুলেছেন, তারা আমাদের অনুষ্ঠানের মূল অংশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। আমরা সব সময় আহতদের পাশে ছিলাম, আছি, থাকবো।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।