খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে মো. শরিফুল ইসলাম (২২) নামের এক হত্যা মামলার আসামি পালিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার পর সংশ্লিষ্ট আদালতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহকে মারধর করে আসামি শরিফুল পালিয়ে যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ এসআই রিপন।
আসামি মো. শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের প্রয়াত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
এসআই রিপন বলেন, আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে পালিয়ে যান আসামি শহিদুল।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যান।
তিনি বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেপ্তারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।
খবরওয়ালা/এমইউ