আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ টেলিযোগাযোগের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করার পরে, দেশটি এখন ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর কবলে পড়েছে বলে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লক্স জানিয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, তাদের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়ে গেছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তালেবান প্রশাসন এই সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে একজন কর্মকর্তার সূত্র উল্লেখ করে জানানো হয়েছে যে, টেলিযোগাযোগ পরিষেবা ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ স্থগিত থাকবে।
বাণিজ্য ও ব্যাংকিংয়ে প্রভাব: স্থানীয় সময় বিকেল ৫টায় ফাইবার-অপটিক পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং এবং বাণিজ্যিক কার্যক্রম আজ মঙ্গলবার সকাল থেকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিমান চলাচলে ব্যাঘাত: কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কমপক্ষে আটটি বিমান চলাচল বাতিল করা হয়েছে।
ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স একটি পোস্টে জানিয়েছে যে, তালেবান তাদের নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর ফলে ফোন পরিষেবাও ব্যাহত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেটের গতি হ্রাস বা সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল।
খবরওয়ালা/টিএসএন