ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন যে তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি নিষ্ক্রিয় (ডিজেবল) করে দেওয়া হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ জানান।
হামিম বলেন, ‘আমার আইডি ডিজেবল করে সাইবার হামলা করা হয়েছে।’
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে যে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচারণার সময় অনেক ক্ষেত্রে তাদের অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার হয়রানি এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের নিয়েও বিভিন্নভাবে সাইবার হয়রানির ঘটনা ঘটছে, যা মানবাধিকারের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়, তাহলে রিটার্নিং কর্মকর্তারা কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেল কঠোর ব্যবস্থা নেবে। একই সাথে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সাইবার হয়রানি বা অপপ্রচারের বিষয়ে কোনো আপস করা হবে না।
খবরওয়ালা/টিএসএন



