খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
বলিউডের মাদককাণ্ডে নতুন মোড় এসেছে, যেখানে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর (NCB) এবং মুম্বই পুলিশ এক তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে উঠে আসে মাদক পাচারের সঙ্গে যুক্ত সেলিম ডলারের নাম। পুলিশের অনুসন্ধান থেকে জানা গেছে, এই চক্র মূলত দুবাই থেকে মাদক পরিবহন করে।
আরব আমিরশাহি থেকে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্ত জেরায় স্বীকার করেছেন, নোরা ফতেহি এবং শ্রদ্ধা কাপুর দাউদ ইব্রাহিমের বিদেশি পার্টিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের সঙ্গে টাকার লেনদেনের তথ্য রয়েছে। অভিযোগে বলা হচ্ছে, নোরা ফতেহির ভাই সিদ্ধার্থ কাপুরও এই চক্রের সঙ্গে যুক্ত।
এই ঘটনার পর নোরা ফতেহি প্রথমবারের মতো মুখ খুলেছেন। নোরা বলেন, তিনি কোনো পার্টিতে যোগ দেন না এবং তিনি তার কাজকে গুরুত্ব দেন। তিনি জানিয়েছেন, ছুটির দিনগুলোও তিনি বাড়িতে কাটাতে পছন্দ করেন। নোরা স্পষ্টভাবে জানিয়েছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সতর্ক করে বলেছেন, তার নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হলে এর ফল যথেষ্ট গুরুতর হবে।
মুম্বই পুলিশ শিগগিরই নোরা, শ্রদ্ধা ও অন্যান্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করবে।