ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (৩০ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, একজন বন্দুকধারী পারুবিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানোর পর তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আক্রমণকারী পালিয়ে গেছে এবং তার খোঁজ শুরু হয়েছে।

রয়টার্স জানায়, ৫৪ বছর বয়সী পারুবি সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত সংসদীয় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে হওয়া বিক্ষোভের অন্যতম নেতা ছিলেন।

তবে পারুবি ফেব্রুয়ারি থেকে আগস্ট ২০১৪ পর্যন্ত ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ছিলেন। সেই সময়কালে পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল এবং রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছিল।

কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত দেননি যে, এই হত্যাকাণ্ডের সাথে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কিনা।

জাতীয় পুলিশ জানিয়েছে, লভিভে গুলি চালানোর ঘটনাটি দুপুরের দিকে হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, ‘খুনিকে খুঁজে বের করা এবং হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি টেলিগ্রামে আরও লিখেছেন, ‘এটি যুদ্ধরত একটি দেশে নিরাপত্তার বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি, কোনো নিরাপদ স্থান নেই।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।