ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা দেখি না : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। তার মতে, বর্তমান সরকারকে নিরপেক্ষ বলা যায় না এবং সরকারের ভালোভাবে নির্বাচন আয়োজনের সক্ষমতাও নেই। প্রশাসনের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কেও টানাপোড়েন রয়েছে। সরকার মুখে যাই বলুক না কেন, বাস্তবে দেখা যায় তারা পুলিশকে তেমন গুরুত্ব দিচ্ছে না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব মন্তব্য করেন।

জিল্লুর রহমান বলেন, যদি নির্বাচন হয়ও, সেটি আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতামূলক, অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক উন্নতির জন্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, “আমি যখন বলি আমি নির্বাচন দেখি না, তার মানে এই নয় যে আমি নির্বাচন চাই না। আমি বহুদিন ধরেই বলছি, যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য তত ভালো।”

জিল্লুর রহমান উল্লেখ করেন, প্রফেসর ইউনূস এখন বলছেন নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ, যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। অথচ কয়েকদিন আগেই সরকারের লোকজন বলেছিলেন, এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না। এখন সরকারের প্রধান বলছেন, যেকোনো সময় বড় আঘাত আসতে পারে—এর মানে কী? এতে মানুষকে ভয় ও আতঙ্কের মধ্যে ফেলা হচ্ছে। এতে প্রমাণিত হচ্ছে সরকারও নিশ্চিত নয় যে তারা নির্বাচনের সুষ্ঠু আয়োজন করতে পারবে কিনা।

তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিলেন, তার আগেই বলেছেন যে এখন নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে, পুলিশ প্রস্তুত নয়। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে আলোচনা করুক না কেন, বাস্তবে কিছুই সঠিকভাবে হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।