খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যুত্থানবিরোধী ভূমিকা চিহ্নিতকরণ কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩১ জন শিক্ষার্থীর নাম উঠে এসেছে। বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এর মধ্যে রবিবার (১৭ আগস্ট) ১৯ শিক্ষককে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা বিরোধী ভূমিকায় ছিলেন, তাদের চিহ্নিত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই প্রতিবেদনে ১৯ শিক্ষকের নাম উঠে আসে। রবিবার তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ভূমিকা নেওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে গত ১৬ মার্চ প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে সময় বৃদ্ধি করে গত ১৩ আগস্ট প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর নাম উল্লেখ রয়েছে।
খবরওয়ালা/টিএসএন