ইরাকে মালিকের হাতে খুন হলেন বাংলাদেশি

ইরাকে মালিকের হাতে খুন হয়েছেন মো. আজাদ খান নামের এক বাংলাদেশি নাগরিক।

নিহত আজাদ খান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোসেন মণ্ডলপাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে। আজাদের মৃত্যুর খবরে কাঁদছেন স্ত্রী, মা, সন্তানসহ স্বজনেরা। তাঁদের পাশে বসে প্রতিবেশী ও স্বজনেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

কান্নাজড়িত কণ্ঠে আজাদের স্ত্রী শারমিন বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে আজাদের সঙ্গে কথা হয়। বলে, সেখানে সে ভালো নেই। পরের দিন তার সঙ্গে আর যোগাযোগ করতে পারি নাই। আমার স্বামীকে যারা হত্যা করল, আমার সন্তানদের যারা এতিম করল, তাদের বিচার চাই আমি।’

পরিবারের বরাতে আজাদের বন্ধু শফিকুল ইসলাম জানান, তিন মাসে আগে আজাদ ইরাকে যান। সেখানে বাগদাদে কাজ করতেন। এক সপ্তাহ আগে কাজের জায়গা থেকে নিখোঁজ হন। এর মধ্যে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে লিটন নামের এক ইরাকপ্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান, আজাদকে হত্যা করা হয়েছে। আজাদের মালিকের সঙ্গে বেতন নিয়ে ঝামেলা হয়। তাঁর মালিক তাঁকে হত্যা করে লাশ তিন টুকরা করে বস্তায় ময়লার ভাগাড়ে ফেলে দেন।

পরিচ্ছন্নতাকর্মীরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আজাদের হত্যাকারী বাড়ির মালিক নিজেই থানায় আত্মসমর্পণ করে হত্যার কথা স্বীকার করেন।

এ বিষয়ে প্রশাসনের কাছে কী তথ্য আছে—জানতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। পরে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারকে ফোন করেও পাওয়া যায়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।