আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি ঘোষণা করেছেন যে, তার দেশের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের চাপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ করা হয়েছে, যা সম্ভব হয়েছে ইরানিদের ঐক্যের কারণে।’ জেনারেল আবদুল্লাহি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী সর্বদা দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং ইসলামি বিপ্লবের অর্জন রক্ষায় পূর্ণ প্রস্তুত থাকে। সাম্প্রতিক যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সেনারা আরও বেশি প্রস্তুত ও সক্ষমতা অর্জন করেছে।’
মেজর জেনারেল আবদুল্লাহি জানান, শত্রুরা বর্তমানে মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধের মাধ্যমে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, অথচ তারা নিজেরাই অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সংকটে রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল কোনো উসকানি ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, যাতে বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্বে ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ নামে নজিরবিহীন পাল্টা অভিযান চালায়। এই অভিযানে প্রথমবারের মতো ইরানে তৈরি নতুন প্রজন্মের অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র, শিল্প-কারখানা, জ্বালানি অবকাঠামো এবং গবেষণা কেন্দ্রে আঘাত হানে। অবশেষে ২৪ জুন ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন বন্ধের ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের হয়ে ঘোষণা করেন।
খবরওয়ালা/টিএসএন