ঈদ উপলক্ষে ৭ দিনে রাজধানী ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে গ্রাম কিংবা দেশের বাইরে বেড়াতে গেছেন বহু মানুষ। এ সময় রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদ উদ্‌যাপনের উদ্দেশ্যে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ঢাকা ছেড়েছেন মোট ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ জন সিমধারী।

শনিবার  (৫ এপ্রিল) এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে জানান, একই সময়ে ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন সিমধারী ঢাকায় প্রবেশ করেছেন।

চারটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের সিমের ব্যবহারকারীদের উপর ভিত্তি করে তৈরি করা এক পরিসংখ্যানে দেখা যায়, ২৮ মার্চ থেকে ৩১ মার্চ ঈদের আগের চার দিনে ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ জন সিমধারী ঢাকা ত্যাগ করেন। পরবর্তী তিন দিনে (১–৩ এপ্রিল) আরও ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ জন ঢাকা ছাড়েন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ জন রাজধানী ছেড়েছেন ৩০ মার্চ।

বিটিআরসি বলছে, সিমধারী বলতে ইউনিক মোবাইল ব্যবহারকারীকে বোঝানো হয়েছে, তবে তাঁদের সঙ্গে মোবাইল ফোন ব্যবহার না করা শিশু ও প্রবীণ স্বজনও থাকতে পারেন। ফলে প্রকৃতপক্ষে ঢাকার বাইরে যাওয়া মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হয়েছে। আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে অফিস-আদালত খোলার কথা রয়েছে। তার আগের দিন শুক্রবার (৪ এপ্রিল) একদিনেই রাজধানীতে ফিরেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন সিমধারী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিবহন বিশেষজ্ঞ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের এক সমীক্ষায় দেখা যায়, ঈদের আগের চার দিনেই প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঢাকা ত্যাগ করেন। সেই প্রেক্ষাপটে এবারের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।