খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ৪ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
উড়োজাহাজে অতিরিক্ত মদ্যপানে উচ্ছৃঙ্খল আচরণ করায় এক জনপ্রিয় টিকটকার মা-মেয়েকে আটক করেছে পুলিশ। তাদের আচরণ এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে, মাঝপথে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে টিইউআই এয়ারলাইনসের একটি ফ্লাইটে। খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো।
প্রতিবেদনে বলা হয়, ‘@angel777987’ নামে টিকটকে পরিচিত মা-মেয়ে জুটি ভ্রমণের শুরু থেকেই উত্তেজিত ও ফুর্তিতে ছিলেন। উড়াল দেওয়ার পরপরই অতিমাত্রায় মদ্যপান শুরু করেন তাঁরা। অভিযোগ অনুযায়ী, এরপর ফ্লাইটের যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন এবং কেবিন ক্রুদেরও গালাগাল করেন। একপর্যায়ে মেয়েটি উড়োজাহাজ থেকে নেমে যেতে চিৎকার শুরু করেন।
এতে পরিস্থিতি সামাল দিতে পাইলট কানাডায় জরুরি অবতরণ করেন। পরে সেখান থেকে মা-মেয়েকে আটক করে নিয়ে যায় পুলিশ। যাত্রীরা এসময় করতালি দিয়ে স্বস্তি প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে হাত নাড়িয়ে ‘বিদায়’ জানাচ্ছেন।
ঘটনার সময় উড়োজাহাজটি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে জ্যামাইকার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় ফ্লাইটটির গন্তব্যে পৌঁছাতে ছয় ঘণ্টা অতিরিক্ত সময় লাগে।
এক যাত্রী ম্যান্ডি ডেইলি মেইল অনলাইনকে বলেন, ‘বিমানকর্মীরা বারবার তাঁদের শান্ত করতে বললেও মেয়েটি বসতে রাজি হচ্ছিল না। শেষে তাকে পেছনের সারিতে নিয়ে গিয়ে সিটবেল্ট বেঁধে বসিয়ে রাখা হয়। পরে হাতকড়াও পরানো হয়।’
এদিকে উচ্ছৃঙ্খলতার কিছুক্ষণ আগেই ওই টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা যায়, ম্যানচেস্টার বিমানবন্দরে মা-মেয়ে মদ্যপান করছেন। ক্যাপশনে লেখা ছিল, ‘ম্যানি এয়ারপোর্টে আমি আর মা—স্বর্গে যাচ্ছি।’
এ ঘটনার পর থেকে টিকটক অ্যাকাউন্টটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জানতে টিইউআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং যাত্রী ভোগান্তির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।