উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ৩ জন আইসিইউতে, ১ জন লাইফ সাপোর্টে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের ইনস্টিটিউটে ৩৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২৭ জনই শিশু। আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া ৯ জন সিভিয়ার ক্যাটাগরির রোগী ও বাকিদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অধ্যাপক নাসির উদ্দিন জানান, ‘আজ আরও ৩ জনকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে এবং তাদের অতিরিক্ত ড্রেসিং প্রয়োজন হওয়ায় ছুটি দেওয়া সম্ভব হয়নি। চলতি সপ্তাহে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও জানান, দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তায় যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে এসেছিলেন, তারা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে গেছেন।

এদিকে জানা গেছে, উত্তরার দুর্ঘটনায় মোট ৪৫ জন এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন রয়েছেন।

এ দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৪ জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৮ জন, সিএমএইচে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।