নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জুলাই যোদ্ধারা হট্টগোল সৃষ্টি করেছেন। একই সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে জেলা বিএনপির নেতারা ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেছেন।
শনিবার (৯ আগস্ট) কানাইখালির সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের আগে ও পরে এই ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে স্টেডিয়াম উদ্বোধনের পর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ সভায় যোগদান করেন এবং জুলাই যোদ্ধারা উপস্থিত থাকলেও তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় তারা দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এতে তারা ক্ষুব্ধ হয়ে হট্টগোল করেন। পরে প্রশাসন তাদের জন্য বসার ব্যবস্থা করলে পরিস্থিতি শান্ত হয়।
অন্যদিকে, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বড় হরিশপুরে এক সংবাদ সম্মেলনে জানান, জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত হয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে গেলে ডিবি পুলিশ তাদের স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয়। এ কারণে বিএনপি নেতারা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন।
ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপি নেতাদের প্রবেশে বাধা দেয়া হয়নি, তবে নিরাপত্তার স্বার্থে সবাইকে একসাথে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছিল।’
খবরওয়ালা/এসআই



