এইচ-১বি ভিসা ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলারে নির্ধারণ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন মার্কিন চেম্বার অব কমার্স। সংগঠনটির দাবি, এই ফি অবৈধ এবং মার্কিন ব্যবসা খাতের জন্য ক্ষতিকর।

ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দায়ের করা ফেডারেল মামলায় চেম্বার অব কমার্স আদালতের কাছে দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন, তাই আদালত যেন ফি কার্যকর করার পদক্ষেপ স্থগিত করে।

এইচ-১বি ভিসা মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন পেশার জন্য দেওয়া হয়—বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য। তবে শিক্ষক, চিকিৎসকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পেশাজীবীরাও এই ক্যাটাগরিতে পড়েন।

ট্রাম্প প্রশাসন গত মাসে এই ফি ঘোষণা করে যুক্তি দেখায়, আমেরিকান কর্মীদের চাকরি বিদেশি কম খরচের শ্রমিকেরা নিচ্ছে। তবে পরে হোয়াইট হাউস জানায়, বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয় এবং ছাড় পাওয়ার জন্য আলাদা আবেদন ফর্মও রাখা হয়েছে।

চেম্বার অব কমার্সের অভিযোগ অনুযায়ী, এই ফি এইচ-১বি সংক্রান্ত বিদ্যমান অভিবাসন আইন লঙ্ঘন করছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে—ভিসা ফি সরকারের প্রক্রিয়াগত ব্যয়ের ওপর নির্ভর করবে, ইচ্ছামতো বাড়ানো যাবে না।

অভিযোগে বলা হয়, ‘প্রেসিডেন্টের কাছে বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণের যথেষ্ট ক্ষমতা থাকলেও, তা কংগ্রেসের পাস করা আইনের পরিপন্থী হতে পারে না।’

এর আগে একটি এইচ-১বি ভিসা আবেদনের খরচ সাধারণত তিন হাজার ৬০০ ডলারের কম ছিল।

চেম্বার অব কমার্সের মতে, ‘এই নতুন ফি কার্যকর হলে, মার্কিন কোম্পানিগুলোকে হয় শ্রম ব্যয় ব্যাপকভাবে বাড়াতে হবে, নয়তো উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী কমাতে হবে, যাদের বিকল্প স্থানীয়ভাবে পাওয়া যায় না।’

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস
খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।