একাত্তর ইস্যুর সমাধান চেয়েছে এনসিপি

বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যুর ‘সমাধান চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান দলটির নেতারা।

শনিবার (২৩ আগস্ট) বিকালে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

বৈঠক শেষে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক অমীমাংসিত তিনটি বিষয় রয়েছে। বিষয়গুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। অমীমাংসিত এই তিন ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়।

এ নিয়ে ইসহাক দার কিছু বলেছেন কিনা- জানতে চাইলে আখতার হোসেন বলেন, বিষয়টি পাকিস্তান জানাবে।

একই বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের বলেছি, একাত্তর বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা (ইসহাক দারের নেতৃত্বাধীন পাকিস্তানের আলোচক দল) বলেছে, তারা এটাতে প্রস্তুত।’

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।