খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়ৎ ‘মনি ফিস’-এ নিয়ে আসা হয়। পরে ডাকের মাধ্যমে মাছটির প্রতি কেজি দরে ৩ হাজার ৫৫০ টাকা হিসেবে মোট ৮ হাজার ৭৫০ টাকায় নিলামে বিক্রি করা হয়।
নিলামে মাছটি ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা। জানা গেছে, মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠানো হবে।
জেলে মাসুম বিল্লাহ বলেন, ‘বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ইলিশটি ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।’
মূসা বলেন, ‘এতবড় মাছ এ বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছি। গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় ইলিশটি পাঠাবো।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন এমন মাছ পাচ্ছে।’
খবরওয়ালা/শরিফ