খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ই জুলাই ২০২৫, ১:৮ পিএম
প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা’। ১৯ ও ২০ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের এই সবচেয়ে বড় উৎসবের নবম পর্ব।
এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন একঝাঁক তারকা। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নেচে-গেয়ে মেতে উঠবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও নৃত্যশিল্পী আলিফ, গায়ক আর্নিক, আবু নাঈম, ইচ্ছাসহ অনেকেই। তাদের অনেকেই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
এর আগে আয়োজনে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ, পূর্ণিমা ও অপু বিশ্বাসের মতো অভিনেত্রীরা। গান গেয়েছিলেন তাহসান ও এস আই টুটুল মতো গায়করা। এই আয়োজনে এবার প্রথমবারের মতো গাইছেন প্রীতম হাসান। এ নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে কনসার্ট করছি। আনন্দমেলাতেও পারফর্ম করব। অনেক বছর ধরে প্রবাসী বাংলাদেশিরা এই আনন্দঘন আয়োজন করে আসছে। তাদের সঙ্গে এবার আমিও আনন্দ ভাগাভাগি করতে গাইব।
আনন্দমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। তিনি বলেন, ‘এটি পুরোপুরি নন প্রফিট একটি উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়। আমি মনে করি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।’
আনন্দমেলা আয়োজনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, ‘এই আয়োজন কোনো লাভের জন্য নয়। আমাদের মূল লক্ষ্য, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মিক বন্ধন তৈরি করা এবং তাদের জন্য এমন একটি পরিসর তৈরি করা যেখানে তারা দু’দিন নিখাদ আনন্দে মেতে উঠতে পারেন।’ তারা জানান, দুই দিনের এই আয়োজনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, থাকবে দেশীয় পণ্য, মুখরোচক খাবার, দেশীয় পোশাক এবং হস্তশিল্পের স্টল। বেলা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা।
এবারের আনন্দমেলাও থাকবে সবার জন্য উন্মুক্ত। তাই বলা যায়, প্রবাসে থেকেও এক টুকরো বাংলাদেশকে ছুঁয়ে দেখার, আপন সংস্কৃতিকে উপলব্ধি করার এক অনন্য সুযোগ।
খবরওয়ালা/এফএস
মন্তব্য