‘এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’— এনসিপিকে নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইস্রাফিল। এরপর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমে বলেন, ‘নীলা ইস্রাফিল এনসিপির কেউ নন, তবে তিনি নাগরিক কমিটিতে ছিলেন।’

এ বক্তব্যের পর নীলা ইস্রাফিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান। সোমবার (২৮ জুলাই) রাতের পোস্টে তিনি বলেন, ‘আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?’

পোস্টে নীলা লিখেছেন, ‘আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার এবং লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না। আপনারা কি দল করেন, না কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান?’

তিনি আরও লেখেন, ‘আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন? সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এটাই কি আপনাদের নৈতিকতা? এই প্রশ্ন আজ শুধু আমার না, এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন, আর পরে ‘অপরিচিত’ বানিয়েছেন।’

নীলা দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি এখন তাকে অস্বীকার করলেও, এতদিন তাকে ‘নেত্রী’ ও ‘শক্তি’ বলে প্রচার করা হতো। তিনি প্রশ্ন তোলেন, ‘এটা কি কোনো রাজনৈতিক দলের মূল্যবোধ? নাকি এটি প্রমাণ করে, দল নয়, আপনারা ব্যক্তি রক্ষায় ব্যস্ত? জনগণ দেখছে, বুঝছে এবং প্রশ্ন করছে—এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে?’

পোস্টের শেষে নীলা বলেন, ‘আমি কারো পরিচয়ে নই, আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।