খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
তুর্কি এক নাগরিকের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার সেরকান আকচান নামের এক ব্যক্তি গুলশান থানায় লিখিত অভিযোগ দেন। তিনি জানান, ফোনে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন হিসেবে পরিচয় দেন। ওই সময়ে তুর্কি নাগরিক দোভাষীর মাধ্যমে তার সঙ্গে কথা বলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফোনকারী প্রথমে পাসপোর্ট ও জন্ম তারিখ মিলিয়ে দেখে জানায়, পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে দিতে হবে। এ জন্য পাঁচ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দেওয়া হবে এবং তখন এক লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ছাড়া অভিযোগে বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে অজ্ঞাত ব্যক্তি নানাভাবে ভয়ভীতি দেখায়। পরে বিষয়টি টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশ অফিসের পক্ষ থেকে থানায় জানানো হলে, বিদেশি নাগরিকের নিরাপত্তা ও সম্মান বিবেচনায় গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান তাৎক্ষণিক মামলা রুজু করেন এবং এসআই মাহফুজুল হককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
গুলশান থানা জানায়, নির্দেশনা অনুযায়ী এসআই মাহফুজুল হক, এসআই আজিজ মাহমুদ ও এএসআই আরিফুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করে আদালতে পাঠান। এ সময় তার কাছ থেকে এজাহারে উল্লেখিত মোবাইল সিম ও পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
খবরওয়ালা/শরিফ