খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) একটি পূর্ণাঙ্গ ও লাভজনক কম্পোজিট ফিল্ম সিটিতে রূপান্তর করাই তাঁর প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এফডিসি ঘুরে দেখেন উপদেষ্টা মাহফুজ। পরিচালক ও শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন, শুটিং ফ্লোর পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের অভাব-অভিযোগ শোনেন। পরে জহির রায়হান মিলনায়তনে এক সভায় তিনি জানান, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এফডিসির অপার সম্ভাবনা কাজে লাগাতে চান তিনি।
মাহফুজ আলম বলেন, ‘শুটিং থেকে শুরু করে এডিটিং, ডাবিং—সব কিছু যাতে এক জায়গায় হয়, সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এটি লাভজনক হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও এখান থেকেই নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি আরও জানান, এফডিসি ও কবিরপুর ফিল্ম সিটিতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে চান। লক্ষ্য একটাই—বাংলাদেশে উচ্চমানের সিনেমা তৈরির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা।
সভায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনব। বারবার ঋণ করে বেতন-বোনাস দিতে হয়—এটা আর চাই না। উপদেষ্টার সহযোগিতায় আমরা সম্মানজনক অবস্থানে পৌঁছাতে চাই।’
সভায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক নাঈম, আনোয়ারা, আলীরাজ, সুব্রত, রুমানা ইসলাম মুক্তি, শিবা শানুসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।
খবরওয়ালা/আরডি